আবহাওয়াজাতীয়

বর্ষণ নিয়ে আসছে “শ্রাবণ মাস’

আষাঢ়ের বিদায় সমাগত। তবে এখনো বর্ষার প্রাণজুড়ানো বৃষ্টির দেখা মেলেনি দেশের উত্তর ও দক্ষিণবঙ্গে। বোঝা দায়, দিনগুলো বর্ষাকালের নাকি গ্রীষ্মের!

এই পরিস্থিতিতে সুখবর দিচ্ছে আবহাওয়া অফিস। তাদের তথ্য বলছে, উড়িষ্যা উপকূলের অদূরবর্তী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি কেটে গেলেই শুরু হবে বর্ষার দাপট।

আবহাওয়া অফিস থেকে জানা যায়, উড়িষ্যা উপকূলের লঘুচাপের কারণেই দেশের উত্তর ও দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি এখনো হয়নি। লঘুচাপটি কেটে গেলে আগামী শনিবার (১৬ জুলাই) অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই বাড়বে বৃষ্টির প্রবণতা। বর্ষণে ভিজবে উত্তরের জনপদ। প্রাণ ফিরে পাবে বর্ষা।

এর আগে আবহাওয়া অফিসের ৪৮ ঘণ্টার পূর্বাভাসেও বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

রাজশাহী, পঞ্চগড় ও নীলফামারী জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button