বগুড়া জেলাশাজাহানপুর উপজেলা

শাজাহানপুরের চাঞ্চল্যকর রঞ্জু হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলার আলোচিত রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. নাজমুল সাকিব ওরফে রোজ (২৫)কে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-৪-এর সদর কোম্পানী, মিরপুরের যৌথ অভিযানে ডিএমপির পল্লবী থানাধীন ১০/ডি প্যারিস এলাকার ডলি কটেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ২০ জুলাই রাত সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার ঘাসিড়া পশ্চিমপাড়া এলাকায় একটি ইটভাটার কাছে রঞ্জু মিয়া তার আহত স্বজনদের উদ্ধার করতে গেলে হামলার শিকার হন। অভিযোগ, এ সময় আসামিরা ধারালো বার্মিজ চাকু দিয়ে তার বুক ও পেটের মাঝামাঝি স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২২ জুলাই শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারায় রুজু হয়।

র‌্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি নাজমুল সাকিব ওরফে রোজ গ্রেপ্তার এড়াতে ঢাকার পল্লবী এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজমুল সাকিব শাজাহানপুর উপজেলার খলিসাকান্দি মধ্যপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button