বগুড়া জেলা

বগুড়ায় ভাই-বোন ফুচকা-চটপটির কারখানায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের রহমাননগর এলাকায় ভাই-বোন ফুচকা ও চটপটি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যক্রম ১২ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত মৌ নার্সিং হোম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালালের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, কারখানাটিতে ফুচকা ও চটপটি তৈরির পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পাওয়া যায়। ফুচকা তৈরির টেবিলের পাশে ইঁদুর ধরে রাখার পাশাপাশি কবুতরের খাঁচার সঙ্গে উৎপাদিত খাদ্য সংরক্ষণ করতে দেখা যায়। সেখানে কবুতরের বিষ্ঠা ও পালক খাবারের ওপর ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি ছিল।

এ ছাড়া ফুচকা ও চটপটিতে ব্যবহৃত সস গরম অবস্থায় নন-ফুডগ্রেড প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ, ময়লাযুক্ত অবস্থায় সিদ্ধ ডিম রাখা এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সিদ্ধ আলু সংরক্ষণ করতে দেখা যায়। সালাদ তৈরিতে পচা গাজর ব্যবহারেরও অভিযোগ পাওয়া যায়।

এসব অনিয়মের বিষয়ে দোষ স্বীকারের পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনমূলক কার্যক্রম গ্রহণের জন্য আগামী ১২ দিন প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়কে অবহিত করে পুনরায় উৎপাদন শুরু করতে বলা হয়েছে।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল, সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button