বগুড়ায় খাসির কাচ্চির নামে ছাগী-ভেড়ার মাংস, ভ্রাম্যমান আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নোংরা রান্নাঘরে খাবার তৈরি, ব্যবহার করা হচ্ছিল অপরিশোধিত লবণ।বগুড়া শহরের স্টেশন রোড এলাকায় ‘খাসির কাচ্চি’ ও বিরিয়ানি বিক্রির নামে ছাগী ও ভেড়ার মাংস ব্যবহার এবং অপরিষ্কার পরিবেশে খাবার তৈরির অভিযোগে দুই বিরিয়ানি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ‘রয়েল কাচ্চি’ ও ‘ঢাকা কাচ্চি ডাইন’ পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিতে খাসির কাচ্চি ও বিরিয়ানি বিক্রির কথা বলা হলেও খাবার তৈরিতে ছাগী ও ভেড়ার মাংস ব্যবহার করতে দেখা যায়। তবে প্রতিষ্ঠানগুলোর মূল্যতালিকায় খাসির মাংসের উল্লেখ থাকলেও ছাগী বা ভেড়ার মাংস ব্যবহারের বিষয়টি উল্লেখ ছিল না।
এ ছাড়া রান্নাঘর পরিদর্শনের সময় অপরিশোধিত লবণ দিয়ে কাচ্চি, বিরিয়ানিসহ অন্যান্য খাবার প্রস্তুত করতে দেখা যায়। রান্নাঘরের পরিবেশও ছিল অপরিষ্কার।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, ‘রয়েল কাচ্চি’ ও ‘ঢাকা কাচ্চি ডাইন’-এ খাসির কাচ্চি ও বিরিয়ানি বিক্রির কথা বলা হলেও পরিদর্শনে ছাগী ও ভেড়ার মাংস ব্যবহার করতে দেখা গেছে। অথচ মূল্যতালিকায় খাসির মাংসের উল্লেখ থাকলেও ছাগী বা ভেড়ার মাংসের কথা উল্লেখ ছিল না।
তিনি বলেন, রান্নাঘর পরিদর্শনের সময় অপরিশোধিত লবণ দিয়ে কাচ্চি, বিরিয়ানিসহ অন্যান্য খাবার তৈরির পাশাপাশি রান্নাঘরের পরিবেশও অপরিষ্কার পাওয়া যায়। এসব কারণে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নিরাপদ খাদ্য প্রস্তুত ও বিপণনের বিষয়ে প্রতিষ্ঠান দুটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো. মেহেদি হাসানের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান চালান।



