চিকিৎসা সংক্রান্ত
প্রধান খবর

হার্টের রিংয়ের দাম কমালো সরকার, সর্বোচ্চ কমেছে প্রায় ৪৮ হাজার টাকা

হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং বা করোনারি স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেশিরভাগ স্টেন্টের দাম আগের তুলনায় ৩ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বুধবার (১০ জুন) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ডা. মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ, কমিশন এবং আমদানিকারক প্রতিষ্ঠানের যৌক্তিক মুনাফা বিবেচনায় নিয়ে হার্টের রিংয়ের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মূল্য তালিকা অবিলম্বে কার্যকর হবে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রকাশিত তালিকায় ২৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের বিভিন্ন ব্র্যান্ডের স্টেন্টের আগের ও নতুন মূল্য উল্লেখ করা হয়েছে। এতে দেখা গেছে, অধিকাংশ স্টেন্টের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে, যা হৃদরোগীদের চিকিৎসা ব্যয় কমাতে সহায়ক হবে।

হাসপাতালের জন্য ৪ নির্দেশনা

নতুন মূল্য কার্যকরের পাশাপাশি দেশের সব কার্ডিয়াক হাসপাতালের জন্য চারটি নির্দেশনা জারি করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

১. স্টেন্টের হালনাগাদ মূল্য তালিকা হাসপাতালের নোটিশ বোর্ডসহ দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।
২. অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্য অনুসরণ করে স্টেন্ট বিক্রি করতে হবে এবং এটি কোনো চিকিৎসা প্যাকেজের অন্তর্ভুক্ত করা যাবে না।
৩. স্টেন্টের নাম, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করে রোগীকে পৃথক ক্যাশমেমো দিতে হবে।
৪. অস্ত্রোপচারের পর ব্যবহৃত স্টেন্টের খালি প্যাকেট বাধ্যতামূলকভাবে রোগীর কাছে হস্তান্তর করতে হবে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, দেশের সব কার্ডিয়াক হাসপাতালে স্টেন্ট সরবরাহ ও বিক্রির বিষয়টি নিয়মিত তদারকি করা হবে। অনুমোদিত মূল্যের বেশি দামে বিক্রি বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: জাগো নিউজ ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button