
শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণকে কেন্দ্র করে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে গুরুত্বপূর্ণ এই রপ্তানি খাতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ধারাবাহিকভাবে আন্দোলন করছেন পোশাকশ্রমিকদের একটি অংশ।
শনিবারও গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকেরা।
এদিকে, শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলন অব্যাহত রাখলে রোববার থেকে কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। চলমান আন্দোলনে বিশৃঙ্খলার আশঙ্কায় ইতিমধ্যে ১৪৭টি কারখানা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে বলে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় উৎপাদনের উপযোগী পরিবেশ না থাকলে যেসব এলাকায় বিক্ষোভ চলছে, সেসব এলাকার কারখানা বন্ধ রাখা হবে। বিশৃঙ্খল পরিস্থিতি অব্যাহত থাকলে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
যেভাবে ছড়িয়ে পড়ে আন্দোলন
মজুরি বৃদ্ধির দাবিতে গত অক্টোবরের মাঝামাঝি সময়ে আন্দোলনে নামেন তৈরি পোশাকশ্রমিকেরা। শুরুতে ঢাকার উত্তরা, মিরপুর এবং চট্টগ্রামের বায়েজিদ এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তা নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে।

শ্রমিক অসন্তোষ শুরুর পর থেকেই মজুরি বৃদ্ধি এবং কারখানা চালু রাখা না-রাখার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে সরকার। শ্রমিকদের দাবির মুখে নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হলেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।
শনিবারও সাভারের আশুলিয়া এবং গাজীপুরের কালিয়াকৈরে আন্দোলন করেছেন শ্রমিকদের একটি অংশ।
দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় চার ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিবিসি বাংলাকে জানিয়েছেন, শনিবার সকাল থেকেই গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় কয়েক হাজার পোশাকশ্রমিক বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, শনিবার সকালে আশুলিয়ার দুটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের সরিয়ে দেয়। পরে কারখানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভের চেষ্টা করলেও সেখান থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়।
ধারাবাহিক শ্রমিক আন্দোলনের কারণে কয়েক দিন ধরেই সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। পুলিশ জানিয়েছে, আন্দোলন ঘিরে বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে তারা সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও এসব এলাকায় মোতায়েন রয়েছেন।
আগের মজুরি কাঠামো
পোশাকশিল্পে মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ নতুন নয়। এই শিল্পের যাত্রা শুরুর পর থেকেই মজুরি নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে টানাপোড়েন চলছে।
২০১৩ সালে রানা প্লাজা ধসের পর এই খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ৩০০ টাকা। ২০১৮ সালে তা বাড়িয়ে ৮ হাজার টাকা করা হয়। সে সময়ও মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামতে হয়েছিল শ্রমিকদের।
সর্বশেষ ২০২৩ সালে মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করে ১২ হাজার ৫০০ টাকা। সে সময় শ্রমিকেরা ২৩ হাজার টাকা মজুরি দাবি করলেও মালিকপক্ষের প্রস্তাব ছিল ১০ হাজার ৪০০ টাকা।
মালিকপক্ষ যা বলছে
মজুরি বোর্ড গঠন ও ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গত ২৩ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেন পোশাকশ্রমিকেরা। এরপর ৩১ অক্টোবর থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে। শ্রমিক সংগঠনগুলোর দাবি, বর্তমান মজুরি কাঠামোর সঙ্গে বাজারদরের কোনো সামঞ্জস্য নেই।
আন্দোলনের মধ্যে সচিবালয়ে পোশাকশিল্প মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী। পরদিনই গঠন করা হয় মজুরি বোর্ড। এরপরও শ্রমিক অসন্তোষ না কমায় ৩ নভেম্বর প্রথম বৈঠকের কথা জানান বোর্ডের চেয়ারম্যান।
বোর্ডের দ্বিতীয় সভায় নিজেদের প্রাথমিক প্রস্তাব তুলে ধরে শ্রমিকপক্ষ। সেখানে পোশাকশ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।
এদিকে, শ্রমিকদের ধারাবাহিক আন্দোলনের কারণে কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সাভার, আশুলিয়াসহ গাজীপুরের শিল্পাঞ্চলে অনেক কারখানা বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার থেকে কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।
শনিবার বিকেলে দুই সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে সকালে সংগঠন দুটির যৌথ মতবিনিময় সভায় অংশ নেন পোশাক কারখানার মালিকেরা।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, চলমান শ্রমিক আন্দোলনের কারণে এখন পর্যন্ত ১৪৭টি কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে। তাঁর দাবি, বেশির ভাগ শ্রমিক কাজে যোগ দিতে চাইলেও কিছু বিপথগামী শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মাহমুদ হাসান খান বলেন, “আমাদের সিংহভাগ শ্রমিক মালিক ভাই-বোন কাজে যোগ দিতে আন্তরিক। তবে দুঃখজনক হলেও সত্য, কারখানার অভ্যন্তরে কিছুসংখ্যক বিপথগামী শ্রমিক বাইরের মহলের উসকানি ও প্ররোচনায় নিয়মিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।”
শ্রমিক আন্দোলনের কারণে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও দাবি করেন মালিকপক্ষের নেতারা। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখার ঘোষণা দেন তাঁরা।
আইন অনুযায়ী, বেআইনি ধর্মঘটের কারণে মালিকপক্ষ আংশিক বা পুরোপুরি কারখানা বন্ধ রাখতে পারে। এ ধারায় কারখানা বন্ধ রাখা হলে শ্রমিকেরা মজুরি পান না।
বিজিএমইএ সভাপতি বলেন, “অরাজক পরিস্থিতি হওয়ার পরও অনেকে কারখানা চালু রাখার চেষ্টা করেছেন। আরও আগেই ৫৫টি কারখানা পুরো বন্ধ রাখা হয়েছে। আজকে ৯২টি কারখানা চালু রাখার চেষ্টা করেছে, কিন্তু তারা পারেনি।”
পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের রপ্তানি আয়ের প্রধান খাতটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তিনি। আগামী সোমবার মজুরি বোর্ডের কাছে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে বলে জানান মাহমুদ হাসান খান।
তথ্যসূত্র: বিবিসি বাংলা



