বাংলাদেশ
প্রধান খবর

জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যু ‘গ্রহণযোগ্য নয়’: আইএসপিআর

ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি, সংশ্লিষ্ট সেনাসদস্যদের সেনানিবাসে প্রত্যাহার

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানের সময় আটক হওয়া এক ব্যক্তির মৃত্যুকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ মৃত্যুর ঘটনাকে কোনোভাবেই ‘গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট সেনাসদস্যদের সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আইএসপিআরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে জীবননগর উপজেলায় যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০)-কে আটক করা হয়।

আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ফার্মেসিটিতে তল্লাশি চালিয়ে যৌথ বাহিনীর টহল দল একটি ৯ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করে।

অভিযান শেষ হওয়ার পর শামসুজ্জামান হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

আইএসপিআর জানায়, এ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশগ্রহণকারী সব সেনাসদস্যকে তাৎক্ষণিকভাবে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্তে যদি কোনো সদস্য দোষী প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী কঠোর ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button