সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ধারাবাহিক হত্যাকাণ্ড: ছয় খুনের নেপথ্যে ‘সাইকো কিলার’

সাভারে পরিত্যক্ত পৌরসভা কমিউনিটি সেন্টারে সংঘটিত ধারাবাহিক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। গত ছয় মাসে একের পর এক হত্যাকাণ্ডের পেছনে রয়েছে এক ঠান্ডা মাথার সিরিয়াল কিলার। তার নাম মশিউর রহমান সম্রাট (৪০)। তিনি মানসিক বিকারগ্রস্ত নন, বরং পরিকল্পিতভাবে ছদ্মবেশে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাত ইসলাম।
ছয়টি হত্যাকাণ্ডের স্বীকারোক্তি
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মশিউর রহমান সম্রাট পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে পাওয়া সর্বশেষ দুই মরদেহসহ মোট ছয়টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এই হত্যাকাণ্ডগুলোর পেছনে আরও কোনো বড় চক্র বা রহস্য রয়েছে কি না, তা উদঘাটনের জন্য সম্রাটকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ঘাতক
পুলিশ জানায়, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই সিরিয়াল কিলার সম্রাটকে শনাক্ত করা হয়। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানা পুলিশ তাকে আটক করে। রাতভর জিজ্ঞাসাবাদে তিনি একে একে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১৮ জানুয়ারি ভোর ৩টার দিকে এক ব্যক্তি পিঠে করে মরদেহ সদৃশ বস্তু নিয়ে পরিত্যক্ত ভবনের ভেতরে প্রবেশ করছেন। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর পুলিশ নিশ্চিত হয়, ওই ব্যক্তি হচ্ছেন আশপাশে ভবঘুরে হিসেবে ঘোরাফেরা করা সম্রাট।
এলাকাবাসীর আতঙ্ক
আতঙ্কিত স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মশিউর রহমান সম্রাট ওই এলাকায় নিয়মিত ঘোরাফেরা করছিলেন। তবে কেউ কল্পনাও করতে পারেননি, তিনি এত ভয়ংকর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
পরিত্যক্ত ভবনই হয়ে ওঠে অপরাধের ঘাঁটি
জানা গেছে, সাভার পৌর এলাকার বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারটি ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকেই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং ধীরে ধীরে তা মাদকসেবী ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ওই ভবনের দ্বিতীয় তলা থেকে দুজনের পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ।
আগের হত্যাকাণ্ডগুলোর তালিকা
পুলিশের তথ্যমতে, একই স্থানে এর আগে আরও কয়েকটি হত্যাকাণ্ড ঘটে-
- ২৯ আগস্ট ২০২৪: হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার
- ১১ অক্টোবর ২০২৪: অজ্ঞাত (৩০) এক নারীর মরদেহ উদ্ধার
- ১৯ ডিসেম্বর ২০২৪: দ্বিতীয় তলার টয়লেট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
সব মিলিয়ে গত ছয় মাসে ওই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মোট ছয়টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
তথ্যসূত্র: সময় টিভি



