উত্তরাঞ্চলবগুড়া জেলা
প্রধান খবর

সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত হচ্ছে মোকামতলা-কালাই-জয়পুরহাট মহাসড়ক

উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে বগুড়ার মোকামতলা থেকে কালাই হয়ে জয়পুরহাট পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৩৭ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকা।

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি প্রকল্প অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকল্পের আওতায় মহাসড়কটি সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চারটি স্থানে ওভারপাস নির্মাণের পরিকল্পনার কথা জানানো হয়েছে। স্থানগুলো হলো আমতলী, কিচক, কালাই ও বটতলী।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এই মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে বিভিন্ন স্থানে যানজটের মুখে পড়তে হয়। বিশেষ করে বাজার ও গুরুত্বপূর্ণ মোড়কেন্দ্রিক এলাকায় যানবাহনের চাপ বাড়ায় যাতায়াতে অতিরিক্ত সময় লাগে। সড়কটির বিভিন্ন স্থানে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। মহাসড়ক প্রশস্তকরণ এবং ওভারপাস নির্মাণের ফলে এসব ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

মোকামতলা-কালাই-জয়পুরহাট মহাসড়ক উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এ সড়ক ব্যবহার করে হিলি স্থলবন্দরসহ বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন করা হয়। সড়কটির সক্ষমতা বাড়লে কৃষিপণ্য ও শিল্পপণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের নভেম্বর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে।

এদিকে প্রকল্পটি অনুমোদন হওয়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button