
উপনির্বাচনকে সামনে রেখে তারেক রহমান বগুড়ায় পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন। আগামী ১০ মার্চ তার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। নির্বাচনি বিধি বিবেচনায় সফরটি আপাতত বাতিল করা হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন।
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে রয়েছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া সদর আসনে উপনির্বাচন চলমান থাকায় এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আয়োজন করলে নির্বাচনি বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারত। নিয়মের মধ্যেই থাকতে চেয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে এসে জানিয়েছিলেন, ১০ মার্চ কর্মসূচি উদ্বোধনে বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী।
আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-সহ মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।



