
নিজস্ব প্রতিবেদক: প্রকৌশলীদের মানসিক চাপ নিয়ন্ত্রণ, শারীরিক সুস্থতা ও পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় ইয়োগা সেশনের আয়োজন করেছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) বগুড়া কেন্দ্র।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টায় শহরের উপশহরে আইইবি বগুড়া কেন্দ্র প্রাঙ্গণে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম ফর ইঞ্জিনিয়ার্স’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে কোয়ান্টাম ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের পেশাগত দায়িত্বের সঙ্গে সময়ের চাপ, নানা চ্যালেঞ্জ ও মানসিক পরিশ্রম জড়িয়ে রয়েছে। তাই কাজের পাশাপাশি নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও যত্নবান হওয়া প্রয়োজন। নিয়মিত যোগব্যায়াম, শরীরচর্চা ও মেডিটেশন মানসিক চাপ কমানোর পাশাপাশি কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে। সুস্থ ও প্রশান্ত মন নিয়ে কাজ করতে পারলে কর্মক্ষেত্রে দক্ষতা, সৃজনশীলতা ও কাজের মান বৃদ্ধি পাবে। এ ধরনের আয়োজন প্রকৌশলীদের সুস্থতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ। আমন্ত্রিত অতিথি ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরকার আনিছুর রহমান রানা। বিশেষ অতিথি আইইবি বগুড়া কেন্দ্রের নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ ইফতেখার হোসেন।
সেশনে সভাপতিত্ব করেন আইইবি বগুড়া কেন্দ্রের ২০২৫-২৬ মেয়াদের চেয়ারম্যান প্রকৌশলী এ এফ এম আবদুল মতিন। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রের নবনির্বাচিত সম্পাদক প্রকৌশলী লায়ন মোঃ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন আইইবির ভাইস চেয়ারম্যান (অ্যাডমিন) প্রকৌশলী ফেরদৌস হোসেন, নবনির্বাচিত সেন্ট্রাল কাউন্সিল সদস্য প্রকৌশলী আব্দুর রশিদ এবং এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুজ্জামান মাসুদ। এ ছাড়া বগুড়া পানি উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ, বিএডিসিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা অংশ নেন।
কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন বগুড়া শাখার কো-মোমেন্টিয়ার নাফিস ফারুক। ইয়োগা সেশন পরিচালনা করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় ইয়োগা ইন্সট্রাক্টর সুজিত বৈদ্য, ফারুক হোসেন এবং বগুড়া শাখার ইয়োগা ইন্সট্রাক্টর অ্যাডভোকেট গোলাম দস্তগীর সরকার। এ সময় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরাও সহযোগিতা করেন।
আইইবি বগুড়া কেন্দ্রের নবনির্বাচিত সম্পাদক প্রকৌশলী লায়ন মোঃ হাবিবুর রহমান বলেন, প্রকৌশলীদের পেশাগত জীবনের কাজের চাপ ও মানসিক ক্লান্তি দূর করার পাশাপাশি শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নিয়মিত যোগব্যায়াম ও মানসিক চাপ ব্যবস্থাপনা কর্মসূচির মাধ্যমে প্রকৌশলীরা আরও সুস্থ, উদ্যমী ও কর্মক্ষম হয়ে উঠবেন বলে তাঁরা আশাবাদী।
আয়োজকদের মতে, পেশাগত দক্ষতা ও কর্মক্ষমতা ধরে রাখতে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ প্রকৌশলীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি কর্মজীবনে ইতিবাচক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।



