বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া অ্যাডভোকেট বার নির্বাচনে আতা-ওহাব প্যানেলের নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে সভাপতি আতাউর রহমান আতা ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ১৩টি পদের সবকটিতে জয়লাভ করে প্যানেলটি।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির গওহর আলী বার ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির মোট ৯৫২ জন ভোটারের মধ্যে ৮৮৯ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান আতা ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন পেয়েছেন ১৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আব্দুল ওহাব ৬৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম আকন্দ পেয়েছেন ১৫০ ভোট।

সহসভাপতি পদে রেজাউল বারী তারা ৬৫৪ ভোট এবং রহমতুল বারী তালুকদার ৬১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফারুক আহমেদ ৫০৪ ভোট এবং আ.ন.ম. বজলুর রশীদ শাহীদ ৫৪৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

অন্যান্য পদে লাইব্রেরি সম্পাদক হিসেবে মোঃ আশাবুদজামান আশিব ৫৯৫ ভোট, ক্রীড়া সম্পাদক হিসেবে এ কে এম আকিল আহম্মেদ মোমিন ৪২৫ ভোট, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহেল কাফি (২) ৫৯০ ভোট এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মোঃ আল আমিন রাসেল ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ সেলিম রানা ৬১৩ ভোট, অ্যাডভোকেট খায়রুল আলম ৫৯১ ভোট, অ্যাডভোকেট মোছাঃ সুলতানা খাতুন ৫৮৫ ভোট, অ্যাডভোকেট এনামুল হক (১) ৫৭৯ ভোট এবং অ্যাডভোকেট ছানোয়ার হোসেন ৫০৮ ভোট পেয়ে।

নির্বাচনে আতা-ওহাব পরিষদের পূর্ণ প্যানেলের বিজয়কে বিএনপি-সমর্থিত আইনজীবীদের সাংগঠনিক সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের আগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী আগ্রহী থাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে সভাপতি পদে আতাউর রহমান আতা এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল ওহাব মনোনয়ন পান।

নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের আইনজীবীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের ভোটও আলোচনায় ছিল। তবে ভোট গণনা শেষে সবকটি পদে আতা-ওহাব পরিষদের প্রার্থীদের জয় নিশ্চিত হয়।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বারের সব বিজ্ঞ আইনজীবী এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, আইনজীবীদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা, কল্যাণ তহবিলের কার্যকর ব্যবহার, বার ভবনের আধুনিকায়ন, নবীন আইনজীবীদের প্রশিক্ষণ এবং নারী আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালাবেন। এ জন্য তিনি বারের সব আইনজীবীর সহযোগিতা কামনা করেন।

ফলাফল ঘোষণার পর বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা ও বগুড়া- ৪ আসনের এমটি মোঃ মোশারফ হোসেন এবং জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিজয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান।

জানাগেছে, জেলা অ্যাডভোকেটস বার সমিতির এবারের নির্বাচনে কার্যকরী পরিষদের পদসংখ্যা ১৩ থেকে বাড়িয়ে ১৫ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হলো।

এই বিভাগের অন্য খবর

Back to top button