বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া ওয়াসা প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়া সিটি করপোরেশনভুক্ত এলাকার জন্য ‘বগুড়া পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (বগুড়া ওয়াসা)’ প্রতিষ্ঠা করেছে সরকার। এ বিষয়ে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত গেজেটে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বগুড়া ওয়াসা প্রতিষ্ঠা করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ১৬ নভেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বগুড়া ওয়াসার অধিক্ষেত্র হিসেবে বগুড়া সিটি করপোরেশনভুক্ত এলাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে কর্তৃপক্ষের কার্যালয়, জনবল নিয়োগ, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন প্রকল্প কিংবা নাগরিক সেবা চালুর সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বগুড়া ওয়াসা প্রতিষ্ঠার ফলে নগরীর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের আইনি ভিত্তি তৈরি হলো। তবে নাগরিকেরা কবে থেকে নতুন কর্তৃপক্ষের সেবা পাবেন, তা প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button