
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী মো. নুরুল হক। নিহতদের মধ্যে বাহরাইন ও দুবাইয়ে একজন করে এবং সৌদি আরবে দুজন নিহত হয়েছেন।
দুবাইয়ে নিহত আহমদ আলীর মরদেহ গ্রহণকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং নিহতের স্বজনরা।
প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, নিহত প্রবাসী বাংলাদেশিদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে প্রায় ১৪ জন বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা যেন যতটা সম্ভব সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলেন, বিশেষ করে যেসব স্থান আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে সেসব জায়গা থেকে দূরে থাকেন। পাশাপাশি সতর্কতামূলক সাইরেন ও সংশ্লিষ্ট দেশের নির্দেশনা মেনে চলা এবং সে দেশের আইনবিরোধী কোনো কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করারও অনুরোধ জানান তিনি।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, “আমরা খুবই হৃদয়বিদারক একটি পরিস্থিতিতে এখানে এসেছি। বাংলাদেশের কাছে নাগরিকদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ আজ সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস-এর একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায়। পরে মরদেহটি গ্রহণ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সেখান থেকে মরদেহটি সিলেট হয়ে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফন সম্পন্ন করা হবে।
সূত্র: বণিক বার্তা



