ফুটবল
প্রধান খবর

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ও রাকিবের গোলে বড় জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ।

ম্যাচের অষ্টম মিনিটে হামজা চৌধুরীর ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা। এরপর এক শ্রীলঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় শমিত সোমের কাছে। তাঁর প্রথম শট প্রতিহত হলেও দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি।

৩৮তম মিনিটে ভালো একটি সুযোগ তৈরি করে শ্রীলঙ্কা। তবে দারুণ একটি ক্রস থেকে কেউ বল স্পর্শ করতে না পারায় গোলের সুযোগ হাতছাড়া হয় তাদের। কিছুক্ষণ পর আবারও আক্রমণে ওঠে বাংলাদেশ। তবে সেই প্রচেষ্টাও সফল হয়নি।

৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হামজা চৌধুরী। বক্সের বাইরে ইব্রাহিমের পাস পেয়ে দৌড়ে শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন তিনি। এরপর তাঁর নেওয়া শট গোলকিপার সুজন পেরেরার শরীরে লেগে জালে জড়ায়। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনজন প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন ফারহান আলী। ম্যাচের ৫৪তম মিনিটে করা এই গোলটি দেশের মাটিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই তাঁর প্রথম গোল।

ম্যাচের শেষ দিকে বাংলাদেশের হয়ে চতুর্থ গোলটি করেন রাকিব। দৌড়ে একজন প্রতিপক্ষ খেলোয়াড়কে পেছনে ফেলে অসাধারণ ফিনিশিংয়ে বল জালে পাঠান তিনি।

এই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা পেয়েছে ভুটান। অন্যদিকে বড় হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।

আগামী ১৪ নভেম্বর রাত ৮টায় ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন দুপুরে অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভুটান ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button