বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় নানা আয়োজনে ‘আকবরিয়া বিজনেস সামিট’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ১১৫ বছরের ঐতিহ্য, আস্থা ও ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আকবরিয়া লিমিটেডের ‘আকবরিয়া বিজনেস সামিট-২০২৬’।

বুধবার (১১ নভেম্বর) বগুড়া শহরের জলেশ্বরীতলায় আকবরিয়া সিটি কনভেনশন হলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সারাদেশ থেকে পাঁচ শতাধিক ডিলার, পরিবেশক, ব্যবসায়িক অংশীদার, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ডিলাররাই ব্যবসার শক্তি ও প্রাণ। তাঁরাই আকবরিয়ার মূল চালিকাশক্তি। ঝড়-বৃষ্টি ও রোদ উপেক্ষা করে দিন-রাত পরিশ্রমের মাধ্যমে ডিলাররা প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পণ্য ভোক্তার হাতে পৌঁছে দেওয়া এবং বাজারে আকবরিয়ার অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রযাত্রায় ডিলারদের অবদান অনস্বীকার্য।

তিনি আরও বলেন, আকবরিয়া শতাধিক বছর ধরে গুণগত মান ও স্বাদের মাধ্যমে ভোক্তাদের আস্থা অর্জন করে আসছে। শত বছরের ঐতিহ্য ধরে রেখে আধুনিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও মানসম্মত পণ্য সরবরাহে আমরা অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আকবরিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলাল। তিনি বলেন, এ ধরনের ব্যবসায়িক সম্মেলন একটি প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠান ও পরিবেশকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়। পরিবেশকদের দিকনির্দেশনা ও সুপারিশ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সহায়ক হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের মূল পুঁজি হলো ওয়াদা এবং সততাই তাঁদের প্রধান সম্পদ। এসব মূল্যবোধ ধারণ করেই আকবরিয়া লিমিটেডকে সামনে এগিয়ে নিতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ বগুড়া শাখার ভিপি ও শাখা প্রধান মোঃ মোশাররফ হোসেন, জোনাল অফিসের ভিপি মোঃ মঈন উদ্দিন, বিটুপিয়া গ্রুপের মনির হোসেন, ইয়েস গ্রুপের জাকারিয়া এবং কামরুজ্জামান সুমন।

এ সময় উপস্থিত ছিলেন আকবরিয়া লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আরমান খোসাইন, রাজিব আহসান সিজার, ইকবাল নুর শুভ, পরিচালক আদনানুল ইসলাম, আশিক ইবনে হাসান, আবিদ হাসান, সিওও ইব্রাহীম মাসুম, সিএফও হারুন অর রশিদ, বেকারি ইউনিটের সিও কামাল পাশাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়িক অংশীদাররা।

দিনব্যাপী সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রতিষ্ঠানের নতুন সেলস অ্যাপ ও পয়েন্ট অব সেল (পিওএস) সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ ছাড়া বিশেষ অফারে অর্ডার গ্রহণ, ডিলারশিপ পরিচালনা, ব্যবসায়িক পরিকল্পনা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিভিন্ন বিশেষ সেশন ও আলোচনা অনুষ্ঠিত হয়। এসব সেশন পরিচালনা করেন বিজনেস ক্যাটালিস্ট কামরুজ্জামান সুমন।

সম্মেলনের শেষ পর্যায়ে কাজের স্বীকৃতিস্বরূপ সেলস টিমের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখায় নির্বাচিত ডিলারদেরও সম্মানিত করা হয়।

ঐতিহ্য, আধুনিক প্রযুক্তি, পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

এই বিভাগের অন্য খবর

Back to top button