বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের কমিটিতে, জানেন না সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় জুলাই আন্দোলনের সময় জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার ১৪ নম্বর আসামি মোঃ তানভীর স্থান পেয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটিতে।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঘোষিত কমিটিতে তাঁকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে তাঁকে কমিটিতে পদ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল।

ফিরোজ তানভীর বগুড়া শহরের আটাপাড়া এলাকার আবু খালেকের ছেলে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তাঁদের দাবি, তৎকালীন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর হয়ে কাজ করতেন তিনি। এ ছাড়া ভারতে পলাতক বগুড়া জেলা যুবলীগের সাবেক সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, তানভীর বগুড়া শহর ছাত্রলীগের সাবেক সভাপতি জুলফিকার শান্তর কমিটিতেও পদ পেয়েছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই বিকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে বগুড়া শহরের গালাপট্টিতে অবস্থিত শহর বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে মোঃ তানভীরের (৫০) নাম ১৪ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, তৎকালীন জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র, লোহার রড, লাঠি, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

হামলায় কার্যালয়ের ১৩০টি প্লাস্টিকের চেয়ার, আটটি সিলিং ফ্যান, ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, আলমারি, আইপিএস ও ব্যাটারিসহ প্রায় ১ লাখ ৯৪ হাজার টাকার সম্পদের ক্ষতি হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় কয়েকজন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়েন এবং পেট্রোলবোমা নিক্ষেপ করে কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

এ বিষয়ে মোঃ তানভীর এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

তবে শুভাশিষ পোদ্দার লিটনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। মামলার এজাহারে তানভীরের নামও রয়েছে।

অন্যদিকে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোনো কিছুই জানি না। আমার সেক্রেটারির সঙ্গে কথা বলেন।’ এ কথা বলেই তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

তবে এ সম্পর্কে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভর সাথে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button