বাংলাদেশ
প্রধান খবর

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে এ তথ্য জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, এ বছর ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া যেন সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হয়, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন এবং তার নির্দেশনায় একাধিক সমন্বয় সভা করা হয়েছে।

তিনি জানান, চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় লবণ সরকারিভাবে সারা দেশে সরবরাহ করা হবে। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাদ্রাসা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে এসব লবণ পৌঁছে দেওয়া হবে।

এছাড়া কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে হাজার হাজার কসাই ও মাংস ব্যবসায়ীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একইভাবে জেলা ও উপজেলা প্রশাসন মাদ্রাসাসংশ্লিষ্টদের চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদপত্র ও লিফলেটের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হবে। ইসলামিক ফাউন্ডেশন-এর সঙ্গে সমন্বয় করে দেশের মসজিদগুলোতেও মুসল্লিদের সচেতন করা হবে, যেন চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা হয়।

তিনি বলেন, ঈদের দিন ও পরবর্তী সময়েও স্থানীয় প্রশাসন চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগের বিষয়টি তদারকি করবে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের একাধিক টিম সারাদেশে কাজ করবে।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button