
নিজস্ব প্রতিবেদক: বগুড়া মহানগরের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বগুড়া মহানগরের স্টেশন রোডে স্বপ্নপুরী হোটেলের সামনে এবং সেউজগাড়ী আমতলা মোড়ে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজনের কাছ থেকে মোট ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আটক ব্যক্তিরা হলেন দুপচাঁচিয়া উপজেলার পলিপাড়া এলাকার মোঃ ফারুকের ছেলে মোঃ জিহাদ (২৪) অপরজন বগুড়া মহানগরের বাবুরবাড়ী এলাকার মোঃ মজনুর ছেলে মোঃ আপেল (২৫)।
ডিএনসি কর্মকর্তারা সাংবাদিকদের জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি অভিযানিক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। এ সময় পৃথক স্থান থেকে দুইজনকে গাঁজাসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার দেখিয়ে জিহাদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। অপরদিকে আপেলকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।



