করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত ১২ হাজারের বেশি

করোনায় গত কয়েকদিন ধরে দুইশ ঘরে থাকা মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ১৮৭ জন। এ নিয়ে আজ পর্যন্ত দেশে করোনায় মারা গেলেন ১৭ হাজার ৪৬৫ জন।
এর আগে, গত বৃহস্পতিবার করোনায় ২২৬ জনের মৃত্যু হয়। বুধবার মারা যান ২১০ জন । মঙ্গলবার ২০৩, সোমবার ২২০ ও রোববার রেকর্ড ২৩০ জন মারা যান। তার আগে শনিবার (১০ জুলাই) ১৮৫, শুক্রবার ২১২ ও বৃহস্পতিবার ১৯৯ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ৪১ হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ১৪৮ জন। দৈনিক শনাক্তের গড় ২৮ দশমিক ৯৬। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ১০ লাখ, ৮৩ হাজার ৯২২ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন আট হাজার ৫৩৬ জন। শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৮৪ দশমিক ৩৬। আর দেশে আজ পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ০৮।
এদিন মৃত ব্যক্তির মধ্যে ১১৩ জন পুরুষ ও ৭৪ জন নারী রয়েছেন।
বয়স বিবেচনায় এদিন ১১ থেকে ২০ বছরের দুইজন, ২১ থেকে ৩০ বছরের সাতজন, ৩১ থেকে ৪০ বছরের ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের ৩৬ জন, ৬১ থেকে ৭০ বছরের ৫৪ জন, ৭১ থেকে ৮০ বছরের ৩০ জন, ৮১ থেকে ৯০ বছরের ১২ জন, ৯১ থেকে ১০০ বছরের চারজন এবং ১০০ বছরের বেশি বয়স্ক একজন মারা গেছেন।
মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে ১৪৭ জন, বেসরকারি হাসপাতালে ২৮ জন এবং বাড়িতে ১২ জন মারা গেছেন।
বিভাগ বিবেচনায় এদিন ঢাকা বিভাগের ৬৮ জন, চট্টগ্রামের ৩৬ জন, রাজশাহীর ১৪ জন, খুলনার ৩৯ জন, বরিশালে আট, সিলেটে নয়জন, রংপুরে ছয় এবং ময়মনসিংহে সাতজন মারা গেছেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত ৯ জুলাই দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ পেরিয়ে যায়, আর ১৪ জুলাই মোট মৃত্যু ছাড়ায় ১৭ হাজার।
বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ইতিমধ্যে ১৮ কোটি ৮৮ লাখ ছাড়িয়েছে। আর ৪০ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এ মহামারীতে।

