
দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ সিদ্ধান্তকে ‘জাতিকে মেধাশূন্য করার এক গভীর ষড়যন্ত্রের অংশ’ বলে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, গত ৩১ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ঢাকাসহ সব মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অত্যন্ত অনভিপ্রেত ও অপরিণামদর্শী। তিনি অভিযোগ করেন, সরকার জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ওপর অনলাইন ক্লাস চাপিয়ে দিচ্ছে।
তিনি বলেন, অনলাইননির্ভর শিক্ষাব্যবস্থার ফলে শিক্ষার্থীরা বহুমুখী ক্ষতির সম্মুখীন হয়। ইন্টারনেটের উচ্চমূল্যের কারণে অনেক গরিব শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি স্মার্টফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীরা ডিভাইস আসক্তি ও নৈতিক অবক্ষয়ের ঝুঁকিতে পড়ে। এতে শ্রেণিকক্ষভিত্তিক পঠন-পাঠন ব্যাহত হয় এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার অভ্যাসও ক্ষতিগ্রস্ত হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কোভিড-১৯ সময়ের অভিজ্ঞতা থেকেও দেখা গেছে অনলাইননির্ভর শিক্ষাব্যবস্থার নেতিবাচক প্রভাব রয়েছে। ‘ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ২০২২’-এর প্রতিবেদনে দেখা যায়, প্রাথমিক পর্যায়ের অনেক শিক্ষার্থী বাংলা ও গণিতে শ্রেণি-উপযোগী দক্ষতা অর্জন করতে পারেনি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে আরও পিছিয়ে পড়েছে।
তিনি আরও বলেন, ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে, অনলাইন ক্লাস চলাকালে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার এবং শিশু শ্রম-উভয়ই বেড়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ২০২৩ সালে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের চেষ্টাসহ বিভিন্ন কারণে শিক্ষাব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি। এমন পরিস্থিতিতে আবারও অনলাইন ক্লাস চালু করা শিক্ষার্থীদের জন্য সুফল বয়ে আনবে না।
তিনি বলেন, যদি সত্যিই জ্বালানি সংকট থাকে, তবে অন্যান্য খাতে ব্যয় কমিয়ে তার সমাধান করা উচিত। কেবল শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে সকল শিক্ষার্থীর জন্য নিয়মিত সশরীরে পাঠদান নিশ্চিত করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।
সূত্র: টিবিএস নিউজ



