
সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৩৩.৩ ওভারে মাত্র ৯১ রানেই অলআউট হয়েছে তারা। এতে লজ্জার এক রেকর্ডও গড়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টেস্টের প্রথম ইনিংসে এটিই সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
বাংলাদেশের ইনিংসে মূল ধস নামান দক্ষিণ আফ্রিকার দুই পেসার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট। এ ছাড়া আইনরিখ নরকিয়া ২টি এবং ভিয়ান মুল্ডার ও সাইমন হারমার ১টি করে উইকেট শিকার করেন।
চায়ের বিরতির সময়ই ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। বিরতির পর মাত্র ৬ রান যোগ করতেই বাকি ৪ উইকেট হারায় দলটি।
বিরতি থেকে ফিরে দ্বিতীয় ওভারেই রাবাদার শিকার হন শরিফুল ইসলাম। ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। এক ওভার পর রাবাদার বলে এলবিডব্লিউ হয়ে ১ রান করা জাকের আলী ফিরে গেলে ৯০ রানে পতন হয় বাংলাদেশের অষ্টম উইকেট।
এক ওভার বিরতি দিয়ে রাবাদা তার তৃতীয় শিকার হিসেবে তুলে নেন তাসকিন আহমেদকে। ২ রান করে ফেরেন তাসকিন। এরপর শেষ উইকেট হিসেবে খালেদ আহমেদকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন মার্কো ইয়ানসেন।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন



