বগুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্ত গ্রামে পাঁচটি পরিবারের টিনের ছাউনির আধাপাকা বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের ছাতুয়া পূর্বপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এই অগ্নিকাণ্ডে ঘরের ভিতর রাখা ধান চাল সরিষা টাকা ও আসবাবপত্রসহ পাঁচ পরিবারের সর্বস্ব পুড়ে প্রায় ২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেছেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ওই গ্রামের আব্দুল হালিম রেজাউল ইসলামসহ পরিবারের লোকজন জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে তারা রাতের খাবার পর ঘুমাতে যান। রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক তার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন তার বাড়ি ও পাশের রেজাউল ইসলাম, সেকেন্দার আলীম, নুর ইসলাম ও আব্দুল হান্নানের বাড়িতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেও কোন ফল না হওয়ায় রাত ১২টা দিকে আদমদীঘি ও দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ওই ৫বাড়ির টিনের ছাউনি, ঘরে রাখা ধান, চাল, সরিষা, আসবাবপত্র সহ বেশ কিছু টাকা পুড়ে ও স্বর্ণালংকার হারিয়ে যায়।
আদমদীঘি ফায়ার সার্ভিস অফিসের লিডার রেজাউল করিম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়, বসতি ঘন হওয়ার কারণে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
পরদিন শুক্রবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় ও কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিম উল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বস দেন।
এসএ