আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

মাদক কারবার ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা রাজিব খান রানা আজীবন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: মাদক কারবার, মাদকসেবন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সান্তাহার পৌর বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিদারুল আলম জুয়েল ও মামুনুর রশীদের স্বাক্ষর রয়েছে।

এতে বলা হয়, দলের নির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্ত অনুযায়ী রাজিব খান রানার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৮ নভেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে সান্তাহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি হেলাল প্রামাণিককে ডেকে নিয়ে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় তাঁর মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ছাড়া রাজিব খান রানা বিভিন্ন অপকর্মে জড়িত থেকে দলের নাম ব্যবহার করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন বলে অভিযোগ করা হয়।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে দলের সব পদ থেকে অব্যাহতি দিয়ে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে রাজিব খান রানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button