বগুড়ায় দশ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাস্থলে মূর্তির বাহক বা ব্যবসায়ীর সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সান্তাহার ষ্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের ওয়াক্তিয়া মসজিদের পাশে একটি ট্রাভেল ব্যাগ থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়।
সান্তাহার জিআরপি থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম জানান, সান্তাহার জংশন স্টেশনে অভিযান চালিয়ে মালিকবিহীনভাবে পরে থাকা অ্যাপেক্স লেখা একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে আট কেজি ৬০০ গ্রাম ওজনের ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়।
উদ্ধারকৃত মূর্তিগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। উদ্ধারের পর এগুলো জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তির বাহক বা ব্যবসায়ীকে চিহ্নিত করা যায়নি। ব্যবসায়ীকে চিহ্নতকরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ



