ট্রেন আসতেই ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত এক নারী আত্মহত্যা করেছেন।
নিহত নারীর বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
বুধবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে সান্তাহার স্টেশন এলাকায় রেলওয়ে থানার সামনে ঘটনাটি ঘটে।
নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকে উপজেলার সান্তাহার পৌরশহরের বিভিন্ন এলাকায় অজ্ঞাত ওই নারী ঘোরাঘুরি করছিলেন। বেলা ১২টার দিকে তিনি রেলওয়ে থানার পাশে একটি গাছের নিচে বসে থাকেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেন সান্তাহার স্টেশনে আসতেই থানার সামনে থেকে ওই নারী ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র।
তিনি বলেছেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।