সারাদেশ
প্রধান খবর

সোহরাওয়ার্দী উদ্যানে মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের মারধরের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

মাসুদ আলম জানান, সোমবার রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে আরও দুই-তিনজনকে শনাক্ত করার চেষ্টা চলছে। শনাক্ত হওয়া মাত্রই তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে একটি দল সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত শিক্ষার্থী ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের হেনস্তা ও মারধর করেন।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

পুলিশি হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীরা শাহবাগ থানা-র সামনে বিক্ষোভ করেন। তারা রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের অপসারণের দাবিও জানান।

জননিরাপত্তা রক্ষায় পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আচরণ নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

তথ্যসূত্র: টিবিএস নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button