
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ-কে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত-এর আদালতে রমনা থানা বিএনপি-র সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করেন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির।
মামলার অভিযোগে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করে নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময় এবং পরে তিনি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, নির্বাচনে পরাজয়ের পর নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর মন্তব্য ছড়িয়ে দিচ্ছেন। সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে তার দেওয়া একটি বক্তব্য কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় বলে দাবি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, “বাংলাদেশ ক্রিমিনাল র্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার মির্জা আব্বাস”—এ ধরনের বক্তব্য মানহানিকর ও নিন্দনীয়। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
মামলার আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।
সূত্র: টিবিএস নিউজ



