সারাদেশ
প্রধান খবর

৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিল সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ হিসেবে ৩৭ হাজার নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব পরিবারপ্রধান নারীর কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর বনানী এলাকার টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।
তিনি বলেন, “আমরা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করব। সেই ধারাবাহিকতায় সরকার গঠনের এক মাসের কম সময়ের মধ্যেই আজ ৩৭ হাজার নারীর হাতে এই ফ্যামিলি কার্ড তুলে দিতে পেরেছি। পর্যায়ক্রমে সব পরিবারপ্রধান নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই।”

সরকার ধাপে ধাপে সব নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করবে বলেও আশ্বাস দেন তিনি। তারেক রহমান বলেন, “আমরা একে একে সব প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব। প্রতিশ্রুতি বাস্তবায়নে বিন্দুমাত্র ব্যত্যয় হবে না। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে।”

নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, নারীদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, নারীদের মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা চালু করেছিলেন তিনি, যা দেশের নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সরকারের নতুন এই কর্মসূচির মাধ্যমে দেশের নিম্নআয়ের পরিবারগুলোকে সহায়তা এবং নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয় অনুষ্ঠানে।

সূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button