বগুড়া জেলা
প্রধান খবর

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে বগুড়ার প্রধান শিক্ষিকার মৃত্যু: এক আসামির জামিন

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে চলন্ত অটোরিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামে এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী পাঁচ হাজার টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার পুলিশ প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় শিগগিরই তিনি কারামুক্ত হতে পারেন বলে আশা করছেন আইনজীবী।

আইনজীবী আরও দাবি করেন, প্রথমে যে মোটরসাইকেলটি আটক করা হয়েছিল, সেটির মালিক রাকিব। তবে ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেলটি ব্যবহার করা হয়নি; ঘটনার সময় সেটি গ্যারেজে ছিল। এ বিষয়ে সিসিটিভি ফুটেজও রয়েছে বলে দাবি করেন তিনি। পরে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয় বলেও জানান আইনজীবী।

জামিন আবেদনে বলা হয়, রাকিব এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার করা মোটরসাইকেলটি তাঁর নয় এবং তাঁর কাছ থেকে ছিনতাই করা কোনো মালামালও উদ্ধার করা হয়নি। গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনার কারণে তাঁকে মামলায় জড়ানো হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। এসব যুক্তিতে যেকোনো শর্তে তাঁর জামিন চাওয়া হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের চিকিৎসক দেখানোর জন্য স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন তিনি।

ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটসংলগ্ন সড়কে অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর হাতের ব্যাগ ধরে জোরে টান দেয়। এতে চলন্ত অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী মো. আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর গত ৩০ আগস্ট র‍্যাব-২ অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসামিদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা এবং অপরাধে ব্যবহৃত ইয়ামাহা আর১৫ (Yamaha R15) মোটরসাইকেল জব্দ করা হয়। পরদিন ৩১ আগস্ট আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তথ্যসূত্র: স্টার নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button