
কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা মামলা-য় দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান।
তাকে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম সন্দেহভাজন হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেফতার করেন।
গত ৬ এপ্রিল তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের জন্য আদালতের অনুমতি চান। ওই তিনজন হলেন সার্জেন্ট জাহিদ, হাফিজুর রহমান এবং শাহিনুল আলম।
আদালত সূত্র জানায়, আলোচিত এ মামলায় এখন পর্যন্ত ৮০টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। গত এক দশকে মোট চারটি সংস্থা এবং সাতজন কর্মকর্তা এ চাঞ্চল্যকর মামলার তদন্ত করেছেন।
তথ্যসূত্র: সময় নিউজ



