নতুন মজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের আন্দোলন, গাজীপুরে সাউন্ড গ্রেনেড
সাভার-আশুলিয়ায় বন্ধ অন্তত ২২ কারখানা, ৭টিতে কর্মবিরতি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি ঘোষণার পরও থেমে নেই আন্দোলন। শ্রমিকদের প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালেও ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কর্মবিরতি পালন করছেন। অন্যদিকে, গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ।
সকাল ৯টায় শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকে সাভার ও আশুলিয়ার অন্তত ৭টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
চলমান আন্দোলনের জেরে শ্রম আইনের ১৩(১) ধারায় আগে বন্ধ ঘোষণা করা ২২টি কারখানাও আজ বন্ধ রয়েছে। তবে শিল্পাঞ্চলের সচল থাকা অধিকাংশ কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছে বলে জানান তিনি।
পুলিশ সুপার আরও জানান, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকরা
এদিকে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন একদল পোশাকশ্রমিক। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় জড়ো হন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বেশ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে-এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, জেলার শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ সতর্ক অবস্থানে থেকে কাজ করছে।
তথ্যসূত্র: টিবিএস নিউজ



