
তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকদের একাংশ। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড়সহ কয়েকটি এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক সচল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার সময় শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, গাজীপুরের কয়েকটি স্থানে শ্রমিকদের বিক্ষিপ্ত আন্দোলন চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও শ্রমিকদের বুঝিয়ে, আবার কোথাও শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করেছে। পরিস্থিতি বিবেচনায় সকাল ১০টা পর্যন্ত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৩৫টি কারখানা।
এদিকে, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণার পরও সাভার ও আশুলিয়ায় ২৫টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া কয়েকটি কারখানার শ্রমিকরা বুধবারও কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।
প্রায় এক মাসের আন্দোলন, মহাসড়ক অবরোধ, সংঘর্ষ ও শত শত কারখানায় ছুটির পর পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কাঠামো চূড়ান্ত হয়েছে। তবে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। শ্রমিকদের একাংশ সিদ্ধান্ত মেনে নিয়েছেন, অন্য অংশ এখনো তা প্রত্যাখ্যান করছেন।
মঙ্গলবার দুপুর ২টা থেকে শুরু হওয়া নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা চলে রাত প্রায় ২টা পর্যন্ত। শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় গোপন ভোটে সিদ্ধান্ত হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী রাত সোয়া ৪টায় ব্রিফিংয়ে জানান, নতুন কাঠামোয় গ্রেড-৪ (নিম্নতম) ১৭ হাজার টাকা, গ্রেড-৩ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২ ২০ হাজার টাকা এবং গ্রেড-১ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমান ১২ হাজার ৫০০ টাকার তুলনায় সর্বনিম্ন গ্রেডে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা, অর্থাৎ ৩৬ শতাংশ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ১ ডিসেম্বর থেকে এই কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।
মজুরি ঘোষণার পর বুধবার সকাল থেকেই একাংশ শ্রমিক সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তি প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘রাত ৩টায় ১৭ হাজার টাকা ঘোষণা হয়েছে, আলহামদুলিল্লাহ।’ আরেকজন লিখেছেন, ‘সব নাটকের পর অবশেষে ১৭ হাজার টাকা নির্ধারণ হলো।’
শ্রমিকদের একাংশের মতে, দীর্ঘদিন কারখানা বন্ধ, ছুটি, বেতন অনিশ্চয়তা ও রাস্তায় আন্দোলনের পর অন্তত একটি নির্দিষ্ট মজুরি কাঠামো এসেছে। এখন কাজে ফিরে ডিসেম্বর থেকে নতুন বেতন পাওয়াটাই জরুরি। তাদের ভাষ্য, ৩০ হাজার টাকার দাবি আদায় না হলেও ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৭ হাজার টাকায় মজুরি বৃদ্ধি উপেক্ষা করার মতো নয়।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক শ্রমিক কাজে যোগ দিতে চাইছেন। ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকদের দলবদ্ধভাবে কারখানার দিকে যেতে দেখা গেছে। অন্যদিকে, আন্দোলনকারীদের একটি অংশ, বিশেষ করে যারা শুরু থেকেই ৩০ হাজার টাকার দাবিতে আন্দোলন করেছেন, তারা নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করছেন।
বিক্ষোভকারীদের দাবি, বাসাভাড়া, খাবার, চিকিৎসা ও যাতায়াতের খরচ যেভাবে বেড়েছে, তাতে ১৭ হাজার টাকায় পরিবার চালানো সম্ভব নয়। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতারও বোর্ডে শেষ পর্যন্ত ১৮ হাজার টাকার প্রস্তাব করেছিলেন, তবে ভোটে তা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে আন্দোলনকারীদের একাংশ বলছেন, বোর্ডের সিদ্ধান্ত তাদের প্রতিনিধিদের মতামতেরও প্রতিফলন ঘটায়নি।
মঙ্গলবার দিনভর ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধের কারণে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। উত্তেজিত শ্রমিকরা একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেন। এ পরিস্থিতিতে ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
মজুরি বোর্ডের সিদ্ধান্ত এখন শ্রম মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন পেলে ১ ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর হবে এবং জানুয়ারিতে শ্রমিকরা নতুন বেতনে প্রথম বেতন পাবেন।
এরই মধ্যে বুধবার সকালে জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় শ্রমিকদের একাংশ আরও বেশি মজুরির দাবিতে আন্দোলন শুরু করেছেন। টঙ্গীর সাতাইশ, গাজীপুরের ভোগড়া ও নাওজোড় এবং শ্রীপুরের আনসার রোডসহ বিভিন্ন স্থানে শ্রমিকরা মহাসড়ক ও আঞ্চলিক সড়কে নেমে বিক্ষোভ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও বুঝিয়ে, আবার কোথাও সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করছে।
তথ্যসূত্র: টিবিএস



