
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মো. শাকিল আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শাকিল আহমেদ নগর ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা এবং তেজগাঁও কলেজ-এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে একটি পোস্ট দেন। ওই পোস্টে জাইমা রহমানের সঙ্গে নিজের ছবি সংযুক্ত করে একটি ব্যঙ্গাত্মক ক্যাপশন যুক্ত করা হয়।
পরবর্তীতে পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে উত্তেজনা তৈরি হয়। বিষয়টি বিএনপি নেতাকর্মীদের নজরে এলে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরে পুলিশে খবর দেওয়া হলে এসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার থেকে তাকে আটক করে।
দেবীগঞ্জ থানা-র ওসি সেলিম মালিক জানান, পোস্টটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় ওই পোস্টের সত্যতা পাওয়া গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: বাংলাদেশ টাইমস



