সারাদেশ
প্রধান খবর

রামিসা হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

প্রায় ৪০ মিনিট ধরে রায় পড়ে শোনানোর সময় বিচারক বলেন, সোহেল রানা শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করেছে-এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। এছাড়া জবানবন্দিতে সোহেল রানা ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ঘটনার পর পালিয়ে যেতে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী স্বপ্না খাতুন।

রায়ে আদালত উল্লেখ করেন, আসামিরা দোষ স্বীকারের পর সেই স্বীকারোক্তি প্রত্যাহারের কোনো আবেদন করেনি। ফলে উভয়েই একই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। বিচারক আরও বলেন, এ ধরনের অপরাধের যথাযথ শাস্তি না হলে বিচারব্যবস্থা ব্যর্থ হবে এবং তাদের অপরাধ সংশোধনযোগ্য নয়।

রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে আদালতে আনা হয় এবং পরে তাদের হাজতখানায় রাখা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ৭ জুন রায়ের দিন ধার্য করেছিলেন। দেশের ইতিহাসে এটি প্রথম ধর্ষণ ও হত্যা মামলা, যার বিচারকাজ মাত্র চার দিনে সম্পন্ন হয়েছে। মামলায় মোট ১৬ জন সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, সোহেল রানা ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী সোহেল রানার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছিলেন।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছর বয়সী রামিসা আক্তারের শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ এবং ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করে।

পরে ১ জুন মামলার বিচার শুরু হয়। ২ জুন রামিসার পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button