বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় পাঁচ কলেজে পাস করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি পাবলিক পরীক্ষায় বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এসব প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ ও বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ এবং কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ ও আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।

বোর্ডের তথ্য অনুযায়ী, তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪৬ জন শিক্ষার্থী। তাঁদের একজনও উত্তীর্ণ হতে পারেননি।

গাবতলীর বাগবাড়ি মডেল মহিলা কলেজ থেকে অংশ নেওয়া তিন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।

অন্যদিকে, ধুনটের গোসাইবাড়ি মহিলা কলেজ ও কাহালুর দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। উভয় প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই ফেল করেছেন।

এ ছাড়া কাহালুর আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনিও উত্তীর্ণ হতে পারেননি।

ফলে বগুড়ার এই পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। এর মধ্যে একটি কলেজে ৪৬ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হওয়ায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও ফল বিপর্যয়ের কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button