সারাদেশ
প্রধান খবর

আর্জেন্টিনার জার্সিতে ট্রাইব্যুনালে জুনাইদ আহমেদ পলক

ফিফা বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে প্রিয় দলের জার্সি পরার প্রবণতা নতুন কিছু নয়। তবে এবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরে ট্রাইব্যুনাল এলাকায় হাঁটতে দেখা গেছে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-কে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৫ জুন) ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় ট্রাইব্যুনাল এলাকায় হাঁটছেন পলক। তার সঙ্গে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছেন। আশপাশে উপস্থিত কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, যা পরে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জুলাই বিপ্লব-পরবর্তী বিভিন্ন সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী। নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে বিভিন্ন সময় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে।

তবে আর্জেন্টিনার জার্সি পরে তার উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি প্রকাশের পর ফেসবুক ও ইউটিউবে বিষয়টি দ্রুত ট্রেন্ডিংয়ে পরিণত হয়। অনেকেই এ নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন, আবার কেউ কেউ রাজনৈতিক ও সামাজিক নানা ব্যাখ্যাও দিয়েছেন।

ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পলকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button