সারাদেশ
প্রধান খবর

সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে সড়কে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ চালিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

এর আগে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নেন।

মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে বিকেল পৌনে ৬টার দিকে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবনের সামনে পৌঁছান।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন। প্রায় ৪৫ মিনিট পর দুপুর ১২টা ১৫ মিনিটে অবরোধ প্রত্যাহার করে তারা মিছিল নিয়ে নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

পরে পুলিশ সেখান থেকে সরে যেতে বললে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে কিছু সময় অবস্থান করেন।

দুপুরের পর শিক্ষার্থীরা আবারও সায়েন্স ল্যাব মোড়ে ফিরে দ্বিতীয় দফায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। এরপর তারা জাতীয় সংসদ ভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেন।

মিছিলটি সায়েন্স ল্যাব থেকে বিভিন্ন স্লোগান দিতে দিতে সংসদ ভবনের দিকে অগ্রসর হয়। আসাদ গেট এলাকায় পুলিশ ব্যারিকেড দিলেও শিক্ষার্থীরা তা অতিক্রম করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটের সামনে গিয়ে অবস্থান নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

পরে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

তথ্যসূত্র: বাংলা নিউজ ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button