ফাইনাল ম্যাচ দেখে ফেরার পর দাম্পত্য বিরোধ, কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে সুমন সরদার (৩০) নামে এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত সুমন সরদার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার আবজাল সরদারের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখেন সুমন। খেলা শেষে তারা একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। এরপর বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়।
অভিযোগ রয়েছে, পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেন।
সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান বলেন, সুমন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।।
তথ্যসূত্র: চ্যানেল ২৪