সারাদেশ
প্রধান খবর

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসার প্রথমসারির কমান্ডার জুবায়ের নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রথমসারির ও আলোচিত কমান্ডার মো. জুবায়ের (৩৪) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের ব্লক এইচ/২৯ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন।

তিনি জানান, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৮ ওয়েস্টের ব্লক এইচ/২৯ এলাকায় নিজ বসতঘর থেকে মসজিদের উদ্দেশ্যে যাচ্ছিলেন জুবায়ের। পথে ইব্রাহিমের বসতঘরের সামনে পৌঁছালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত দলবদ্ধভাবে তার ওপর আনুমানিক পাঁচ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/৫৯ ব্লকে অবস্থিত এমএসএফ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, খবর পেয়ে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, আরসা ও আরএসও-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ ও গ্রুপিং চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button