সারাদেশ
প্রধান খবর
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
স্টেশন সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেল চলাচল স্বাভাবিক করতে পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল পুনরায় চালুর চেষ্টা করছে।