অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জ গ্রেপ্তার

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের একটি শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েবের ঘটনা ধরা পড়েছে। এ ঘটনায় ব্যাংকের ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন (৪১) ও তার সহযোগী জাফরুল্লাহ তানভীর (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
চট্টগ্রামের লালদীঘিপাড় জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি লিমিটেডের করপোরেট শাখায় এ ঘটনা ঘটে।
যেভাবে ধরা পড়ে টাকা গায়েবের ঘটনা
মামলার এজাহার ও ব্যাংক সূত্রে জানা গেছে, কামরুল হোসেন ওই শাখার ক্যাশ ও ভল্টের দায়িত্বে ছিলেন। গত ৯ আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন শেষে নগদ অর্থের হিসাব এবং ভল্টে সংরক্ষিত টাকার হিসাব মেলানোর সময় বিপুল ঘাটতি ধরা পড়ে।
কাগজে-কলমে ভল্টে যে পরিমাণ টাকা থাকার কথা, তা গণনা করে দেখা যায় ৪ কোটি ৩৮ লাখ টাকা কম। এ বিষয়ে ক্যাশ ইনচার্জের কাছে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।
পরে ভল্টে থাকা টাকার বান্ডিল পরীক্ষা করে কারসাজির বিষয়টি সামনে আসে। এক হাজার টাকার নোটের বান্ডিলের মধ্যে বেশির ভাগই ছিল একশ টাকার নোট। ফলে বাইরে থেকে এক হাজার টাকার নোটের বান্ডিল মনে হলেও প্রকৃতপক্ষে সেখানে কম টাকা ছিল।
গরুর খামারে বিনিয়োগের অভিযোগ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন জানিয়েছেন, ব্যাংক থেকে সরানো টাকা তার সহযোগী জাফরুল্লাহ তানভীরের মাধ্যমে একটি অ্যাগ্রোফার্মে বিনিয়োগ করা হয়েছে।
হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামে ওই গরুর খামারে বর্তমানে উন্নত জাতের প্রায় ৫০ থেকে ৬০টি গরু রয়েছে বলে জানা গেছে।
ব্যাংক সূত্রের বরাত দিয়ে জানা যায়, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৯ আগস্ট পর্যন্ত সময়ে এই ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি তৈরি হয়েছে।
এক বছরের বেশি সময়েও ঘাটতি ধরা পড়েনি কেন?
ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রতিদিনের লেনদেন শেষে ক্যাশ ও ভল্টের হিসাব মেলানোর কথা। কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে টাকা সরানোর অভিযোগ থাকলেও বিষয়টি এতদিন ধরা পড়েনি।
এ কারণে শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, কিংবা কারও গাফিলতি ছিল কি না-তদন্তে তা বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশের বক্তব্য
কোতোয়ালি থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েবের ঘটনায় ব্যাংক ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে মামলা করেছেন। দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেনকে।
তিনি জানান, গ্রেপ্তার দুজনের কাছ থেকে একটি আইফোনসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। টাকা কীভাবে সরানো হয়েছে, কার কার সঙ্গে তাদের যোগাযোগ ছিল এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না-এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে গ্রেপ্তার জাফরুল্লাহ তানভীরের বাবা আজিম উল্লাহ দাবি করেছেন, তার ছেলে এ ঘটনায় জড়িত নয়। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি।
তথ্যসূত্র: যুগান্তর