সারাদেশ
প্রধান খবর

কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

চিকিৎসার জন্য ভারতে গিয়ে আর দেশে ফেরা হলো না কুষ্টিয়ার তরুণ সাংবাদিক দেবাশীষ দত্তের (৩৭)। দেশে ফেরার নির্ধারিত দিনেই কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তিনি, তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), দুই বছরের শিশুপুত্র শর্ণশিষ দত্ত ও তার শ্বশুর। এ ঘটনায় কুষ্টিয়ার এই পরিবারের চারজনসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। পাশাপাশি তিনি আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট স্ত্রী ও শিশুপুত্রকে সঙ্গে নিয়ে ভারতে যান দেবাশীষ। চিকিৎসার জন্য কলকাতার পাশাপাশি তারা বেঙ্গালুরুও গিয়েছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বেঙ্গালুরু থেকে বিমানে কলকাতায় ফেরেন তারা। বুধবারই তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু দেশে ফেরার আগেই কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের চার সদস্যের মৃত্যু হয়।

দেবাশীষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক সমাজ ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button