সারাদেশ
প্রধান খবর

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আসামির আপিল ও সরকারের ‘ডেথ রেফারেন্স’ নিষ্পত্তি করে এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৫ আগস্ট এ মামলায় হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়। গত ২৪ আগস্ট মামলাটিতে হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়।

গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এলে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়।

এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন।

আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই সময় মাগুরাসহ দেশব্যাপী ব্যাপক আন্দোলন কর্মসূচি পালিত হয়।

হাইকোর্টের এ রায়ের মাধ্যমে আলোচিত এই মামলায় বিচারিক আদালতের দেওয়া হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল থাকল।

তথ্যসূত্র: টিবিএস নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button