সারাদেশ
প্রধান খবর

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের অনুমতি নেই

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসের চলাচলের অনুমোদন দিয়েছে, শুধু সেগুলোই সড়কে চলাচল করতে পারবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম।

পরে সাংবাদিকদের তিনি বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন সড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল। এ সময় তিনি আদালতকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান সম্পর্কে অবহিত করেন।

আইনজীবী রাফিউল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪০ ধারায় গাড়ির টেকনিক্যাল স্পেসিফিকেশন নির্ধারণ করা হয়েছে। কেউ এসব টেকনিক্যাল স্পেসিফিকেশন লঙ্ঘন করলে তা আইনের ৮০ ও ৮৪ ধারার আওতায় অপরাধ এবং শাস্তিযোগ্য।

তিনি জানান, এসব অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা। পাশাপাশি সড়ক পরিবহন আইনের ২৮ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলাচল করতে পারবে না।

রাফিউল ইসলাম বলেন, ‘আদালত বলেছেন, শুধু বিআরটিএ যেসব বাস চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে। আর স্লিপার বাস চালানোর তো পারমিশন নাই। হাইকোর্টও পারমিশন দেননি।’

ফলে বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস মহাসড়কে চলাচলের সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

তথ্যসূত্র: টিবিএস

এই বিভাগের অন্য খবর

Back to top button