
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে ঘটনার সূত্রপাত হয়। অভিযানে ডিএনসিসির কর্মকর্তাদের সঙ্গে পুলিশও ছিল।
একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সিটি করপোরেশনের একাধিক গাড়িতে হামলা চালান। এ সময় গাড়িগুলো ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলায় পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর পৌনে ১২টার পরও ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছিল। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
অন্যদিকে, ফুটপাতের ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পুলিশের সদস্যদের তুলনায় ফুটপাতের ব্যবসায়ীদের সংখ্যা বেশি ছিল। তাদের ইটপাটকেলের মুখে একপর্যায়ে পুলিশ পিছু হটে।
তথ্যসূত্র: যমুনা টিভি



