সারাদেশ
প্রধান খবর

শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্যের অভিযোগে কুষ্টিয়ায় স্কুলশিক্ষক আটক

শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলাম কিবরিয়া লালন। ক্লাসে তিনি সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ তোলেন। এ সময় প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আপত্তিকর কথা বলেন বলে অভিযোগ ওঠে।

ক্লাস শেষে শিক্ষার্থীরা বিষয়টি বাড়িতে গিয়ে অভিভাবকদের জানালে এলাকায় চাঞ্চল্য ও অসন্তোষ সৃষ্টি হয়।

বুধবার সকালে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক লালনকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের নিয়ে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে শিক্ষক লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি দাবি করেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে প্রধানমন্ত্রীর বাংলা ভাষার উচ্চারণে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে-এমন কথা তিনি ক্লাসে বলেছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে ওই শিক্ষককে আটক করা হয়েছে। পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তথ্যসূত্র: চ্যানেল ওয়ান

এই বিভাগের অন্য খবর

Back to top button