সারাদেশ

রাড্ডা সেন্টারে হামলা: ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তিনি সংসদ সদস্য পদ ও বিএনপি-দুই জায়গা থেকেই পদত্যাগ করতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং ও বিএনপির হাইকমান্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপির এক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। পাশাপাশি বিএনপি থেকেও পদত্যাগ করবেন তিনি।

ওই নেতা বলেন, “দলীয় সিদ্ধান্তেই তিনি পদত্যাগ করবেন। যেকোনো সময় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হতে পারে। আজ পদত্যাগপত্র দেওয়ার সম্ভাবনাই বেশি।”

এদিকে ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটি বিলুপ্তির পর তাঁর দলীয় পদ ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালানো হয়। স্বাস্থ্যকেন্দ্রটি ১৯৭৬ সাল থেকে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা, ইপিআই টিকাদান এবং পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছিল।

অভিযোগ অনুযায়ী, ২০০ থেকে ২৫০ জনের একটি দল বিভিন্ন সরঞ্জাম নিয়ে কয়েক ঘণ্টা ধরে স্বাস্থ্যকেন্দ্রটিতে ভাঙচুর চালায়। এ সময় দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকাসহ বিভিন্ন মালামাল লুট করা হয়।

পরে ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের সাইনবোর্ড ও ব্যানার টাঙানো হয়।

এ ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার ২৬ সেপ্টেম্বর শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়া এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

তথ্যসূত্র: টিবিএস

এই বিভাগের অন্য খবর

Back to top button