সারাদেশ
প্রধান খবর

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে করা একটি মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী কফিল উদ্দিন। যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত কফিলের করা ওই মামলা প্রত্যাহারের আবেদনে সম্মতি দিয়েছেন আদালত।

যুবলীগকর্মী হয়েও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কফিলের মামলা করার বিষয়টি তখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালত বাদীর আবেদন গ্রহণ করে মামলাটি প্রত্যাহারে সম্মতি দেন। বিষয়টি বুধবার রাতে জানাজানি হয়।

চট্টগ্রাম আদালতের জিআরও শাখায় কর্মরত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মামলাটি আদালতে করা হয়েছিল। তদন্তের দায়িত্বে ছিল পিবিআই। গত ১৭ সেপ্টেম্বর মামলার ধার্য তারিখে প্রত্যাহারের আবেদন দেন বাদী কফিল উদ্দিন। ২৯ সেপ্টেম্বর পরবর্তী ধার্য তারিখে আদালত আবেদন মঞ্জুর করে মামলাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।’

২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে হামলায় আহত হওয়ার অভিযোগ এনে মামলাটি করেছিলেন কফিল উদ্দিন।

এর আগে ২০২৪ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করেন তিনি। আদালত আবেদন গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, পিবিআইয়ের সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে আসামি করা হয়েছিল।

এ ছাড়া সাবেক এমপি মজিবুর রহমান, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, সিএমপির কমিশনার সাইফুল ইসলাম, সাবেক ওসি ওবায়দুল হক, নেজাম উদ্দিন, মোহাম্মদ মহসীন ও জাহিদুল কবিরসহ ২৬ পুলিশ কর্মকর্তাকে মামলায় আসামি করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়াসিম উদ্দিন ও মোবারক আলীসহ মোট ১৮৭ জন।

তথ্যসূত্র: আগামীর সময়

এই বিভাগের অন্য খবর

Back to top button