সারাদেশ
প্রধান খবর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: প্রধান অভিযুক্ত সুমন চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্ত সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হত্যাকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ আলামত নিহত স্কুলছাত্রীর ব্যবহৃত মোবাইল ফোনটি এখনো উদ্ধার করা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন ফসলি জমি থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় তার শরীরে পোশাক ছিল না এবং গলায় গামছা প্যাঁচানো ছিল।

ঘটনাস্থলের আশপাশের ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়। সেখানে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশাও পড়ে থাকতে দেখা যায়।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা আব্দুল আলীমের মেয়ে। চাকরির সুবাদে আব্দুল আলীম পরিবার নিয়ে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাজমিন নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তাজমিন। চার দিন পর জগতপুরের নির্জন মাঠে তার মরদেহের সন্ধান মেলে।

বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনেরা তাজমিনের মরদেহ যশোরে গ্রামের বাড়িতে নিয়ে যান। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে ঘটনার দিন রাতে নিহতের বাবা আব্দুল আলীম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলার তদন্তের মধ্যেই প্রধান অভিযুক্ত সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করল পুলিশ। তবে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি এখনো উদ্ধার না হওয়ায় তদন্তে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারের বিষয়টি বাকি রয়েছে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button